ভয়েস অব ইনসাফ: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন এবং জেলা সমিতিগুলো সক্রিয় ভূমিকা পালন করে।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ট্রেজারার ও ভিজিল্যান্স উপ-কমিটির সদস্যসহ বিভিন্ন অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, এ ইউনিটের পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ১৫৪টি কক্ষে ৭টি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পরীক্ষা পরিচালিত হয়। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউট, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী।
এবার ‘এ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, নতুন কলা ও পুরাতন বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়। অন্যদিকে, আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা নতুন কলা ভবনে আয়োজন করা হয়।
নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হয়। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ময়মনসিংহ ও ভালুকা এলাকা থেকে বিশেষ বাস সার্ভিস চালু করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ ইউনিটে ১০ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ১৯৪ জন অংশগ্রহণ করে, উপস্থিতির হার ৭৯ দশমিক ১৫ শতাংশ। অনুপস্থিত ছিল ২ হাজার ১৫৯ জন। অন্যদিকে আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষায় ১৫২ জনের মধ্যে ৫৯ জন উপস্থিত ছিল।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ফল নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফল প্রকাশের পর মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ২৫টি বিভাগে মোট ১ হাজার ১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
–সামিয়া সুলতানা সাবনম
নজরুল বিশ্ববিদ্যালয়





