Voice of Insaf: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ৫০তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সুবিধার ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা যেন নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে-সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. আহমেদ শাকিল হাসমী বরাবর বাস সুবিধা চেয়ে আবেদন করেন শিক্ষার্থীরা।
সাধারণ পরীক্ষার্থীদের পক্ষে এ আবেদনে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী দেবদূত কর তীর্থ ও মো. শরিফুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের মো. ইলিয়াস, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রফিকুল ইসলাম। তারা ২৯ জানুয়ারি দুপুরের পর প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে আবেদন পেশ করেন।
শিক্ষার্থীদের আবেদন মঞ্জুর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসিএস পরীক্ষার্থীদের জন্য বাস সুবিধা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫০তম বিসিএস উপলক্ষে দুটি বাস সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরীক্ষা শেষে দুপুর ১টায় পুনরায় ক্যাম্পাসে ফিরে আসবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষার্থীরা মনে করছেন, যাতায়াতজনিত দুশ্চিন্তা কমে যাওয়ায় তারা এখন পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগ দিতে পারবেন।
–সামিয়া সুলতানা সাবনম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়






