Voice of Insaf: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দুয়াজানি কলেজপাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ এবং উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।সমাবেশে বক্তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়দের মতে, এ কর্মসূচির মধ্য দিয়ে এলাকায় নির্বাচনী তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।





