ভয়েস অব ইনসাফ: টাওয়ার হেমলেটসের মেয়র নির্বাচিত হলে প্রতি মাসে একবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির মেয়র প্রার্থী ব্যারিস্টার জামি আলী। সোমবার বাংলাদেশ প্রেসক্লাব ইউকে-তে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার জামি আলী বলেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা মেয়রের কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি অবগত হতে পারবেন। একই সঙ্গে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
সম্প্রতি গঠিত টাওয়ার হেমলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি এবারের নির্বাচনে ৪৩ জন কাউন্সিলর প্রার্থী নিয়ে অংশ নিচ্ছে। দলটির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার জামি আলী। তিনি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত কর্ণেল সৈয়দ আলী আহমেদের জ্যেষ্ঠ পুত্র। আইন পেশায় সুনাম থাকলেও এটিই তার প্রথম নির্বাচনী অংশগ্রহণ।
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক এএইচ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্লাব সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ, কাউন্সিলর কবীর আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আইনবিষয়ক সম্পাদক মাহবুব তোহা, স্পোর্টস সেক্রেটারি ফারুক আহমেদ, প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কাদের জিলানী, এ রহমান অলি, শেখ মাজহারুল ইসলাম সোহান ও মো. সাজন মিয়া।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যারিস্টার জামি আলী। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের বেতন গ্রহণ করবেন না; বরং ওই অর্থ দিয়ে যুব সমাজের উন্নয়নে একটি বিশেষ তহবিল গঠন করা হবে।তিনি আরও বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






