Voice of Insaf: লন্ডনে জমকালো আয়োজনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) লন্ডনের রোজউড গার্ডেন ব্যানকুয়েটিং এ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রবাসে সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্যে যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনায় বক্তারা যুক্তরাজ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার, প্রবাসী কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কাঠামো বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া আয়োজকরা আশা প্রকাশ করেন, দেশ ও প্রবাসে দলের অগ্রযাত্রা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

দলীয় নেতারা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নারী ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও মূল্যবোধ সম্পর্কে সচেতন করে রাজনীতিতে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দলীয় কার্যক্রম বেগবান করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য শাখার আহ্বায়ক বলেন, প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে ঐক্য ও সমন্বয়ের বিকল্প নেই।পরিশেষে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






