Voice of Insaf: নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক প্রতিবেদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার কয়েকটি কেন্দ্রের বাইরে দফায় দফায় উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির প্রতিবেদক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি এবং তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিব আহত হন। এছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়ন এলাকাতেও হামলা ও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আহত প্রায় ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
হান্নান মাসুদের একাধিক সমর্থক অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাদা দেওয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের উপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারনে অনেক লোককে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে এবং এতে কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






