তুহিন বাহাদুর, মাভাবিপ্রবি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেডিকেল রোবোটিকস ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আরও নির্ভুল ও কার্যকর করে তুলবে। এ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান। গেস্ট অব অনার হিসেবে অংশ নেন দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি (Kongju National University)–এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও রোবোটিক্স গবেষক প্রফেসর ড. হ্যাং মুক চো।
সেমিনারের কী-নোট বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার শামীম আহমেদ দেওয়ান। এছাড়া বিশিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসেন, চেয়ারম্যান, মার্স গ্রুপ, ঢাকা এবং ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল হাসান, চেয়ারম্যান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। সেমিনারে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদ।
আলোচনায় বক্তারা মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অবস্থা, বাংলাদেশের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় করেন। সেমিনার শেষে প্রধান অতিথি কোরিয়ার অর্থায়নে প্রতিষ্ঠিত সেন্টার ফর অ্যাডভান্সড অটোমোটিভ রিসার্চ (CAAR) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার গ্রন্থাগারের উদ্বোধন করেন। এ সময় বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।






