Voice of Insaf: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
সকাল সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার জন্য বিপুলসংখ্যক নারী ভোটারকে আগেভাগেই কেন্দ্রের মাঠে অবস্থান করতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রেও।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছয়টি সংসদীয় আসনে মোট ৮৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ২৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রসহ সব ভোটকেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, নোয়াখালী-১ আসনে ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি সাধারণ এবং ৫৩টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। নোয়াখালী-২ আসনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৭৩টি সাধারণ ও ৩৮টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৩ আসনে মোট ১৬৬টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ১০৬টি সাধারণ ও ৬০টি অতি গুরুত্বপূর্ণ, যা জেলার মধ্যে সর্বাধিক। নোয়াখালী-৪ আসনে ১৯৮টি কেন্দ্রের মধ্যে ১৫৬টি সাধারণ ও ৪২টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৫ আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০৪টি সাধারণ ও ৫১টি অতি গুরুত্বপূর্ণ। নোয়াখালী-৬ আসনে ১০৪টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে ৮৭টি সাধারণ ও ১৭টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা ছয়টি আসনের মধ্যে সর্বনিম্ন।
ছয়টি আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটের দিন রাতে হাতিয়ায় কিছু উত্তেজনা থাকলেও কোনো ভোটকেন্দ্র আক্রান্ত হয়নি বলে তিনি জানান।





