ভয়েস অফ ইনসাফ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা ছিদ্দিকার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আসামির রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান জানান, ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রবিবার দুপুরে সাভারের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।
ঘটনার পর পুলিশ নিহতের স্বামী ও ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে নিহতের চাচা মনিরুল ইসলামের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রেমের সম্পর্কের ভিত্তিতে গত বছরের ২৪ জুন শারমীন ও ফাহিম বিয়ে করেন। পরবর্তীতে সেপ্টেম্বর মাস থেকে তাঁরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তবে বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ ও কলহের সৃষ্টি হয়, যা শারমীন তাঁর পরিবারকে জানিয়েছিলেন।
গত ১৫ মার্চ বিকেলে ফাহিম শারমীনের চাচাকে ফোন করে জানান যে তিনি গুরুতর অসুস্থ। খবর পেয়ে স্বজনরা বাসায় এসে শারমীনকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদনে শারমীনের কপাল ও মাথায় গভীর আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।
শহীদ ক্যাডেট স্কুলে রহস্যজনক মৃত্যু: ৬ তলা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর
Voice of Insaf: টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজর ৯ম শ্রেণীর এক শিক্ষার্থী ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর...






