ভয়েস অফ ইনসাফ : প্রতিবছর ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক ও দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের মধ্যে নতুন কাগজের নোট বিনিময় বা সরবরাহ করে থাকে। ঈদের সময় পরিবার-পরিজন ও শিশুদের ঈদ সালামি হিসেবে নতুন নোট দেওয়ার একটি সাংস্কৃতিক প্রচলন থাকায় এসব নোটের চাহিদাও থাকে ব্যাপক। তবে এবার সেই প্রচলিত ব্যবস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রবিবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ঈদের আগে নতুন টাকা দেওয়া হচ্ছে, এমন কোনও তথ্য তার কাছে নেই। বাংলাদেশ ব্যাংক এখন ঈদের আগে নতুন নোট বিতরণের প্রচলিত রেওয়াজ থেকে সরে আসছে। পরিবর্তে সারা বছর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।
আরিফ হোসেন খান আরও বলেন, বিশেষ কোনও উৎসব বা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে নতুন নোট ছাড়ার পরিকল্পনা আপাতত নেই। বাজারের চাহিদা অনুযায়ী পুরো বছরজুড়েই নতুন নোট সরবরাহ করা হবে।
এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন নকশার টাকার নোট বাজারে আনার বিষয়ে কাজ চলছে। তিনি ইঙ্গিত দেন, নতুন এই নোটগুলো এপ্রিলের শেষ সপ্তাহ বা মে মাসের শুরুর দিকে বাজারে ছাড়া হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত তথ্য তখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

